নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের!

ইসলামপুর: নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ইসলামপুরের বলঞ্চা এলাকায়।

নতুন স্বাস্থ্যকেন্দ্রের দ্বিতল ভবন নির্মাণে নিম্নমানের রড, বালি, পাথর ও সিমেন্ট ব্যবহারের অভিযোগ তুলে বৃহস্পতিবার নির্মাণকাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। নির্মাণস্থলে গিয়ে কাজ আটকে দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

গ্রামবাসীদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ সরকারি ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

শুধু তাই নয়, নির্মাণস্থলে কাজ সংক্রান্ত কোনও তথ্যফলকও নেই বলে অভিযোগ তাঁদের।

কত টাকার প্রকল্প, কী ধরনের নির্মাণকাজ হচ্ছে ও নির্ধারিত কাজের সিডিউল কী – এসব তথ্যও সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হয়নি বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, এর আগেও নির্মাণসামগ্রীর মান নিয়ে ঠিকাদারকে প্রশ্ন করেছিলেন তাঁরা।

কিন্তু তাঁদের অভিযোগের পরেও বিষয়টির কোনও সমাধান হয়নি। উল্টে গ্রামবাসীদের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল বলে দাবি তাঁদের।

বৃহস্পতিবার ফের নির্মাণকাজ শুরু হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, প্রশাসনের আধিকারিকরা নির্মাণস্থলে এসে কাজের মান পরীক্ষা না করা পর্যন্ত কোনওভাবেই নির্মাণকাজ করতে দেওয়া হবে না।

অন্যদিকে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে সাব-ঠিকাদার সফিকের বক্তব্যেও তৈরি হয়েছে প্রশ্ন।

তাঁর দাবি, “আমাকে যেভাবে কাজ করতে বলা হচ্ছে, আমি সেভাবেই কাজ করছি। গ্রামবাসীরা বাধা দেওয়ায় কাজ বন্ধ রেখেছি।”

ঘটনাকে কেন্দ্র করে বলঞ্চা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি অর্থে নির্মিত এই স্বাস্থ্যকেন্দ্রের ভবনের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের তরফে দ্রুত নির্মাণস্থল পরিদর্শন করে অভিযোগের তদন্ত করা হোক।

এখন প্রশাসন কবে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here