মঞ্চ থেকে প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা, ভারতের অতীত-বর্তমান ও ভবিষ্যৎকে এক মঞ্চে দেখলেন প্রধানমন্ত্রী
খড়গপুর: দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রতিষ্ঠানের ৭৫ বছরের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের মঞ্চ থেকে আইআইটি খড়গপুরের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রতিষ্ঠানের ঐতিহাসিক অবদান ও গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরে তিনি বলেন, “অনেক মাইলস্টোন তৈরি করেছে খড়গপুর আইআইটি। ভারতের বহু পরিবর্তনের সাক্ষী এই প্রতিষ্ঠান।” উপস্থিত পড়ুয়া, প্রাক্তনী, অধ্যাপক ও গবেষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমার সামনে উপস্থিত রয়েছেন ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।”
নিজস্ব সংস্কৃতি ও উদ্ভাবনী শক্তির জন্যও আইআইটি খড়গপুরের বিশেষ পরিচিতির কথা উল্লেখ করেন তিনি।
প্রতিষ্ঠানের বিশেষ দীপাবলি উদ্যাপনের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গত ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত।
আর ভারতের এই বহু পরিবর্তনের সাক্ষী হয়ে রয়েছে খড়গপুর আইআইটি।”
এদিন প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই সাজো সাজো রব ছিল খড়গপুর শহর ও আইআইটি ক্যাম্পাসে। নিরাপত্তার স্বার্থে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি নজরদারি জোরদার করা হয়। ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তারক্ষী। কড়া নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে প্রধানমন্ত্রীর কনভয় ক্যাম্পাসে প্রবেশ করতেই অনুষ্ঠান ঘিরে উৎসাহ ও আগ্রহ আরও বেড়ে যায়।
শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দীর্ঘ ৭৫ বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আইআইটি খড়গপুর।
সেই গৌরবময় ইতিহাসের মঞ্চ থেকেই দেশের শিক্ষা ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী। প্ল্যাটিনাম জুবিলির এই অনুষ্ঠান প্রতিষ্ঠানের ঐতিহ্য, সাফল্য ও আগামী দিনের লক্ষ্যকে নতুন করে সামনে নিয়ে এল।














































