শিলিগুড়ির হোটেলের ঘর থেকে উদ্ধার ইসলামপুরের যুবকের মৃতদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য!

শিলিগুড়ি: কাজের সূত্রে শিলিগুড়িতে এসে আর বাড়ি ফেরা হলো না ইসলামপুরের এক যুবকের। শহরের একটি হোটেলের ঘর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অজিত দাস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কাজের উদ্দেশ্যে ইসলামপুর থেকে শিলিগুড়িতে এসেছিলেন অজিত। রাতে শহরের একটি হোটেলে আশ্রয় নেন তিনি। তবে শুক্রবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় সন্দেহ তৈরি হয়। এরপর হোটেলের ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয় মৃত যুবকের পরিবারের সদস্যদের। তাঁরাও হোটেলে এসে পৌঁছান। এরপর পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

হোটেলের ঘরের মধ্যে কীভাবে ওই যুবকের মৃত্যু হলো, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here