শিলিগুড়ি: বাইরে থেকে দেখলে সাধারণ অ্যাম্বুল্যান্স। কিন্তু ভিতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে মজুত ছিল বিপুল পরিমাণ বিদেশি মদ।
পুলিশের নজর এড়াতে বিহারের নম্বর প্লেটের গাড়িতে ব্যবহার করা হয়েছিল বাংলার নম্বর প্লেট। এভাবেই রাজস্ব ফাঁকি দিয়ে সিকিম থেকে বিহারে মদ পাচারের ছক কষেছিল একটি চক্র। তবে শেষরক্ষা হল না। আবগারি দপ্তরের বিশেষ অভিযানে ফাঁস হয়ে গেল পাচারের গোটা পরিকল্পনা। উদ্ধার হল প্রায় ৭৩৫ লিটার সিকিমের মদ। ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক-সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক সংলগ্ন ১০ নম্বর জাতীয় সড়কে বিশেষ অভিযান চালায় ভক্তিনগর ও এনজেপি আবগারি দপ্তরের আধিকারিকদের যৌথ দল।
সেই সময় সন্দেহজনক একটি অ্যাম্বুল্যান্সের গতিবিধি নজরে আসতেই সেটিকে আটক করা হয়। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। অ্যাম্বুল্যান্সের ভিতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ সিকিমের মদ।
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদের পরিমাণ প্রায় ৭৩৫ লিটার। যার আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ ৫৭ হাজার টাকা। এই ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক রাকেশ কুমার ও তার সহযোগী অভিষেক কুমারকে গ্রেপ্তার করেছেন আধিকারিকেরা। ধৃত দুজনেই বিহারের মুজফফরপুরের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিকিম থেকে বিপুল পরিমাণ মদ নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অ্যাম্বুল্যান্সটি। রাজস্ব ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যেই গাড়ির আসল নম্বর প্লেটের পরিবর্তে বাংলার নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের।














































