সোনা চুরির অভিযোগে গ্রেফতার বিজেপি যুব মোর্চার মণ্ডল সম্পাদক! লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ!

শিলিগুড়ি: সোনা চুরির ঘটনায় নাম জড়াল বিজেপির এক যুব নেতার। চুরির অভিযোগে ডাবগ্রাম-ফুলবাড়ি ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক নয়ন সরকার-সহ দু’জনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।

এই ঘটনায় চুরির সোনা কেনার অভিযোগে এক গয়না ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নাবালককে সঙ্গে নিয়ে সোনা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে নয়ন সরকারের বিরুদ্ধে।

অভিযোগ জমা পড়ার পরই এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরির সোনা কেনার অভিযোগে হাসমি চকের গঙ্গা জুয়েলার্সের মালিক আয়ন মাইতিকেও গ্রেফতার করা হয়। তিনি পূর্ব চয়নপাড়ার বাসিন্দা।

তবে শুধু সোনা চুরির অভিযোগই নয়, ওই বিজেপি যুব নেতার বিরুদ্ধে এক নাবালককে সঙ্গে নিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে।

শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে, এই ঘটনায় দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠায় নয়ন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

একদিকে বিজেপি যুব নেতার গ্রেফতারি, অন্যদিকে সোনা কেনার অভিযোগে গয়না ব্যবসায়ীর গ্রেফতারি দুই ঘটনাকে ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here