সবজি রাখার ট্রেতে লুকিয়েছিল বাবাকে খুনের অস্ত্র! পুলিশি জেরায় উদ্ধার রক্তমাখা চাপাতি, গ্রেফতার ছেলে!

জলপাইগুড়ি: বাবাকে খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা! মাংস কাটার রক্তমাখা চাপাতি লুকিয়ে রাখতে রান্নাঘরের সবজি রাখার ট্রেকেই বেছে নিয়েছিল অভিযুক্ত ছেলে। তবে শেষরক্ষা হল না।

অভিযুক্তকে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছে কয়েক ঘণ্টার মধ্যেই খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

ঘটনাটি শুক্রবার বিকেলের। জলপাইগুড়ির নেতাজিপাড়ায় নিজের বাড়িতেই খুন হন বৃদ্ধ অনিমা প্রসাদ লেপচা। বাবাকে খুনের অভিযোগে তাঁর ছেলে পল লেপচাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, হেফাজতে নেওয়ার পর শনিবার রাতেই অভিযুক্তকে নিয়ে নেতাজিপাড়ার বাড়িতে যায় পুলিশ। এরপর অভিযুক্ত নিজেই পুলিশকে বাড়ির রান্নাঘরে নিয়ে যায়। সেখানে সবজি রাখার ট্রের ভিতর থেকে উদ্ধার হয় মাংস কাটার রক্তমাখা চাপাতি।

পুলিশের অনুমান, বাবাকে খুনের পর ওই ট্রের মধ্যেই অস্ত্রটি লুকিয়ে রেখেছিল অভিযুক্ত।

তদন্তে উঠে এসেছে, পল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশামুক্তির জন্য তাকে একটি রিহ্যাব সেন্টারেও রাখা হয়েছিল। সম্প্রতি বাড়িতে ফিরলেও ফের নেশার কবলে পড়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তবে নেশার কারণেই কি বাবাকে খুন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও পারিবারিক বা ব্যক্তিগত বিবাদ? সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা।

আপাতত চার দিনের পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। ঘটনার পুনর্নির্মাণের পাশাপাশি তদন্তের স্বার্থে ফরেনসিক বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here