নদিয়া: বাংলাদেশে পাচারের আগেই নদিয়ার ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে ৩ কেজি ৬৪৭ গ্রাম রুপোর গহনা উদ্ধার করল বিএসএফ।
শুক্রবার সন্ধ্যায় ভীমপুর থানার অন্তর্গত মহাখোলা সীমান্ত এলাকায় ১৬১ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষীরা টহল দেওয়ার সময় এই গহনা উদ্ধার করেন।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, টহলদারির সময় সীমান্তের কাঁটাতারের এপার থেকে কয়েকজন দুষ্কৃতী বাংলাদেশের দিকে একটি ব্যাগ ছোড়ার চেষ্টা করছিল বলে নজরে আসে জওয়ানদের।
সঙ্গে সঙ্গে তাদের পিছু ধাওয়া করেন সীমান্তরক্ষীরা।
বিএসএফের তৎপরতা টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।
পরে ব্যাগটি খুলে বিপুল পরিমাণ রুপোর গহনা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গহনাগুলির মধ্যে রুপোর আংটি ও চেন রয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে বিএসএফের অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই গহনাগুলি সীমান্তে আনা হয়েছিল।
উদ্ধার হওয়া মোট ৩ কেজি ৬৪৭ গ্রাম রুপোর গহনা সরকারি নিয়ম মেনে ভীমপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত পাচারকারীদের পরিচয় ও তাদের গতিবিধি খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ। পলাতক অভিযুক্তদের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে।















































