শিলিগুড়ি: প্রাকৃতিক প্রসবের গুরুত্ব ও মাতৃত্বকালীন স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ পদযাত্রার আয়োজন করল সোসাইটি অফ মিডওয়াইভস ইন্ডিয়া।
মা ও শিশুর সুস্বাস্থ্য, নিরাপত্তা সহ স্বাভাবিক প্রসবের ইতিবাচক দিকগুলি তুলে ধরতেই এই উদ্যোগ।
শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় এই সচেতনতামূলক পদযাত্রা।
হিলকার রোড হয়ে মহাত্মা গান্ধী চক ঘুরে পুনরায় বাঘাযতীন পার্কে এসে শেষ হয় পদযাত্রাটি।
এই কর্মসূচিতে প্রায় ৯০০ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে বিভিন্ন মেডিকেল স্কুল ও নার্সিং কলেজের পড়ুয়া, নার্সিং কর্মী এছারাও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পদযাত্রার মাধ্যমে প্রাকৃতিক ও স্বাভাবিক প্রসবের গুরুত্ব সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি গর্ভবতী মহিলাদের যথাযথ পরিচর্যা, মাতৃত্বকালীন স্বাস্থ্য, নিরাপদ প্রসব, মা ও শিশুর সুস্বাস্থ্য বজায় রাখার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।
বর্তমানে সন্তান প্রসবের ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের ধারণা রয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক প্রসব সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ প্রসবের বিষয়ে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি প্রয়োজন ছাড়া অস্ত্রোপচারের পরিবর্তে স্বাভাবিক প্রসবের সম্ভাবনা সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়।
চিকিৎসা শিক্ষার সঙ্গে যুক্ত পড়ুয়া, নার্সিং কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পদযাত্রাটি বিশেষ তাৎপর্য পায়। প্রায় ৯০০ জনের এই সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে শিলিগুড়ি শহরে মাতৃত্বকালীন স্বাস্থ্য ও নিরাপদ প্রাকৃতিক প্রসবের গুরুত্ব সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।














































