শিলিগুড়ি: স্ত্রীর উদ্দেশে অশালীন মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক দম্পতি। তাঁদের মারধরের অভিযোগ উঠেছে প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্য কমল বর্মণের ছেলের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত আমরিকানগর এলাকায়।
অভিযোগ, গতকাল সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ অফিসের কাজ সেরে গাড়িতে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। সেই সময় তাঁদের গাড়ির পিছনে থাকা দুই টোটোচালকের মধ্যে একজন ওই মহিলাকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও গালিগালাজ করেন। বিষয়টি কানে আসতেই গাড়ি থামিয়ে প্রতিবাদ জানান মহিলার স্বামী। কেন তাঁর স্ত্রীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা হচ্ছে, তা জানতে চান তিনি।
অভিযোগ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই দম্পতির উপর চড়াও হয়ে তাঁদের মারধর করা হয়। এমনকী, তাঁদের আটকে রাখারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে একাধিক মানুষ উপস্থিত থাকলেও কেউ তাঁদের সাহায্যে এগিয়ে আসেননি বলে দাবি আক্রান্তদের।
ঘটনায় আরও অভিযোগ উঠেছে, প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্য কমল বর্মণ ঘটনাস্থলে পৌঁছে তাঁর ছেলেকে সহযোগিতা করেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ইতিমধ্যেই গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে নিউ জলপাইগুড়ি থানায়। তবে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডাবগ্রাম -ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জী।
তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয়। অভিযুক্ত ব্যক্তি যে দলেরই হোন কিংবা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত থাকুন, তাতে কিছু যায় আসে না। একজন মহিলার গায়ে হাত তোলা সম্পূর্ণ অন্যায়। এই ধরনের দুর্ব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা উচিত নয়। পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।














































