জম্মু: সোমবার, ভগবান শিবের পুজোর বিশেষ দিন।
সেই পুণ্য লগ্নে পবিত্র অমরনাথ গুহা মন্দিরে বাবা বরফানির দর্শনের উদ্দেশ্যে সোমবার ভোরে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে আরও ৫,৭৯৪ জন তীর্থযাত্রী ২৫৭টি গাড়ির সুরক্ষিত কনভয়ে রওনা দিলেন।
বেস ক্যাম্পজুড়ে সকাল থেকেই শোনা যায় ‘হর হর মহাদেব’ ও ‘বাম বাম ভোলে’ ধ্বনি।
ভক্তদের মুখে ছিল শিবের নাম, হাতে ছিল পুজোর সামগ্রী।
সোমবার শিবপুজোর বিশেষ তাৎপর্য থাকায় এদিন বহু ভক্ত এই পবিত্র যাত্রায় অংশ নেন।
তীর্থযাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জম্মু ও কাশ্মীর পুলিশ, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সাথে প্রশাসনের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে কনভয়টি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
যাত্রাপথে চিকিৎসা, বিশ্রাম, পানীয় জল ও জরুরি পরিষেবারও পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
ধর্মীয় বিশ্বাস ও অটুট আস্থাকে সঙ্গী করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিবভক্তরা বাবা বরফানির দর্শনের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা অমরনাথ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।















































