শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শিলিগুড়ি জংশনে অভিযান চালাল এসজিএসটি (SGST) বিভাগের আধিকারিকরা।
ট্রেনের মাধ্যমে নিয়ে আসা সন্দেহজনক পণ্যের খোঁজে তল্লাশি ও পরীক্ষা শুরু করতেই স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিভাগীয় সূত্রে জানা গিয়েছে, রেলপথে গুটখা, জর্দা কিংবা অন্যান্য পণ্য বৈধ বিল ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই পরিবহণ করা হচ্ছে বলে সন্দেহ ছিল আধিকারিকদের।
সেই সূত্র ধরেই এসজিএসটি-র একটি দল সিলিগুড়ি জংশনে পৌঁছে সংশ্লিষ্ট পণ্যগুলির পরীক্ষা শুরু করে। তবে তদন্তের খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় বলে সূত্রের দাবি।
জানা গিয়েছে, তল্লাশির খবর পাওয়ার পর কিছু পণ্য ট্রেন থেকে নামানো হয়নি। সেই অবস্থাতেই ট্রেনটি স্টেশন ছেড়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
ফলে পণ্যগুলির উৎস, গন্তব্য ও পরিবহণের বৈধতা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।এই ঘটনাকে কেন্দ্র করে রেলপথে পণ্য পরিবহণের আড়ালে কোনও বেআইনি কারবার বা কর ফাঁকির চক্র সক্রিয় রয়েছে কি না,তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
পাশাপাশি, এই ঘটনার সঙ্গে কোনও রেলকর্মীর যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবিও উঠছে। ফিলহাল সংশ্লিষ্ট পণ্যগুলির প্রকৃতি,বৈধ নথিপত্র ও সম্ভাব্য কর ফাঁকির বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও গোটা অভিযান ও তদন্তের অগ্রগতি নিয়ে এসজিএসটি বিভাগের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও সরকারি বিবৃতি সামনে আসেনি। তদন্তের পরেই এই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।














































