শিলিগুড়ি: স্থানীয় ক্রিকেট প্রতিভাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে আরও বড় মঞ্চে তুলে ধরার লক্ষ্যে সাহুডাঙিতে নতুন উদ্যোগ।
পাঘলুপাড়া যুবক সংঘের সহযোগিতায় ‘দ্য প্লেয়ার্স এজ ক্রিকেট অ্যাকাডেমি’র পথচলা শুরু হল। রবিবার চন্দ্রনাথ ময়দানে খুঁটিপুজোর মধ্য দিয়ে এই ক্রিকেট অ্যাকাডেমির আনুষ্ঠানিক সূচনা হয়।
স্থানীয় যুবসমাজের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ক্রিকেটে সাফল্য পেতে প্রতিভার পাশাপাশি প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা।
সেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়েই অ্যাকাডেমির প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
অ্যাকাডেমিতে রয়েছে প্রশস্ত খেলার মাঠ ও আধুনিক প্র্যাকটিস নেট। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ফিটনেস, কন্ডিশনিং এবং ম্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অ্যাকাডেমির প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন চিরঞ্জিৎ ভৌয়াল ও আবির ভট্টাচার্য।
অন্যদিকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন পাঘলুপাড়া যুবক সংঘের সদস্য প্রফুল্ল রায় ও রাজেশ রায়।
আয়োজকদের আশা, এই উদ্যোগের মাধ্যমে সাহুডাঙি ও পার্শ্ববর্তী এলাকার প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের দক্ষতা বিকাশের উপযুক্ত সুযোগ পাবেন।
স্থানীয় স্তরে ক্রিকেটের পরিকাঠামোকে আরও শক্তিশালী করে আগামী দিনে নতুন খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে এই অ্যাকাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছে ক্রীড়ামহল।














































