শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির চন্নাজোত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি হাতির। বুধবার ভোররাতে খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে চাষের জমিতে প্রবেশ করেছিল হাতিটি। সেই সময় জমিতে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় সেটি। ঘটনাস্থলেই হাতিটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সকালে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা ও খড়িবাড়ি থানার পুলিশ। কীভাবে চাষের জমিতে বিদ্যুতের তার এল সাথে এই ঘটনার পিছনে কোনও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বন দপ্তর।
বারবার এ ধরনের ঘটনায় বন্যপ্রাণীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি হাতি-মানুষের সংঘাত রুখতে চাষের জমিতে বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার দাবি উঠছে।














































