পশ্চিম মেদিনীপুর: ঘূর্ণিঝড়ের প্রভাবে দু’দিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। জলমগ্ন হয়ে পড়েছে বিঘের পর বিঘে কৃষিজমি। জলের তলায় তলিয়ে গিয়েছে শসা, উচ্ছে, বেগুন, লঙ্কা, ঝিঙে-সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। ফলে ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কায় দিশেহারা এলাকার কৃষকেরা।
দাসপুর-১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের দানিকলা, কাঁটাদরজা, রাইকুণ্ডু, বড়ামারা-সহ একাধিক মৌজায় দেখা দিয়েছে এই বন্যা পরিস্থিতি। স্থানীয় কৃষকদের দাবি, ওই এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী ও বুড়িগাং নদী। দু’দিনের প্রবল বৃষ্টিতে নদী দুটির জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে।
কৃষকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ জলের তলায় থাকলে জমিতে থাকা সমস্ত সবজি পচে নষ্ট হয়ে যাবে। তাঁদের বক্তব্য, বর্ষার মরশুমে জল জমে থাকায় তাঁরা সেভাবে চাষাবাদ করতে পারেননি। এরপর দুর্গাপুজোর ঠিক আগেও নতুন করে সবজি চাষ শুরু করেছিলেন। কিন্তু সেই সময় প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছিল ফসলের। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এবার নতুন করে চাষ করে লাভের মুখ দেখার স্বপ্ন দেখেছিলেন তাঁরা। কিন্তু ফের দু’দিনের টানা বৃষ্টিতে সেই স্বপ্ন কার্যত ভেঙে পড়েছে।
পরপর প্রাকৃতিক দুর্যোগে চাষের ক্ষতির মুখে পড়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে কৃষকদের। কবে জল নামবে, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। দ্রুত জল না কমলে কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।














































