ডাউন অমৃত ভারত এক্সপ্রেসে দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার, গ্রেফতার অসমের চার বাসিন্দা! বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা!

শিলিগুড়ি: রেলপথে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। ডাউন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি জিআরপি স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও এনজেপি জিআরপি-র সাদা পোশাকের পুলিশের যৌথ দল। এই ঘটনায় অসমের চার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে ডাউন অমৃত ভারত এক্সপ্রেসের D8 কামরায় যৌথভাবে অভিযান চালান শিলিগুড়ি জিআরপি SOG ও এনজেপি জিআরপির আধিকারিকরা। কামরায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় দেড় কুইন্টাল। মোট ১১৬টি প্যাকেটে এই গাঁজা রাখা ছিল।

পুলিশের অভিযানে গাঁজা ছাড়াও তিনটি ট্রলি ব্যাগ ও আরও ১১টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল যতন বাড়িক (৩০), তাপস দাস (৪০), আমন দে (৩৫) ও সন্দীপ সরকার (২৫)। চারজনই অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে।

রেলপথকে ব্যবহার করে এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

রবিবার ধৃত চারজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর মাদক পাচারের উৎস ও এর পিছনে থাকা বৃহত্তর নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

রেলপথে মাদক পাচার রুখতে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here