শিলিগুড়ি: মাদক কারবারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। মাটিগাড়ায় অভিযান চালিয়ে ১০৪ গ্রাম ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জিৎ বর্মন (১৯)। নকশালবাড়ির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মাটিগাড়ার পরিবহণ নগরের প্রবেশদ্বার সংলগ্ন এলাকায় এক যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। সেই সময় গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে তৎপর হয়ে ওঠেন মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশকর্মীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১০৪ গ্রাম ব্রাউন সুগার।
এরপর উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই ওই মাদক নিয়ে আসা হয়েছিল। তবে কোথা থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছিল, কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল ও এর পিছনে কোনও বড় মাদক চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃত যুবককে আগামীকাল এনডিপিএস আইনে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।
উল্লেখ্য, শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় মাদক কারবারের রমরমা রুখতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় মাটিগাড়ায় পুলিশের এই অভিযানকে বড়সড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।














































