মালদা: রেলওয়েতে নিয়োগ সংক্রান্ত কথিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তে মালদা রেল ডিভিশনের ডিআরএম অফিসে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই অভিযানকে ঘিরে রেলমহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অংশ হিসেবে রেলের সিনিয়র ক্লার্ক উমাশঙ্কর পাণ্ডেকে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেলওয়েতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তে সিবিআইয়ের একটি দল মালদা রেল ডিভিশনের কার্যালয়ে পৌঁছয়। সেখানে সিনিয়র ক্লার্ক উমাশঙ্কর পাণ্ডেকে সংশ্লিষ্ট মামলার বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় কথিত অনিয়মের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ বলে জানা যাচ্ছে।
পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের দুই আধিকারিক উমাশঙ্কর পাণ্ডেকে ডিআরএম অফিসের ভবন থেকে বাইরে নিয়ে আসেন। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে, নাকি পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।
অন্যদিকে, এই অভিযানে কোনও নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে কি না, রেল দফতরের আরও কোনও কর্মী তদন্তের আওতায় রয়েছেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।
রেলওয়েতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআইয়ের এই পদক্ষেপে মালদা রেল ডিভিশনের প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।














































