ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা-১ গ্রাম পঞ্চায়েতের চাঁপাসার এলাকায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় একাধিক ঘরবাড়ি ও গবাদি পশু।
স্থানীয় বাসিন্দা গুলাম মুস্তাফা জানান, কীভাবে আগুন লাগল তা তারা কিছুই বুঝে উঠতে পারেননি। হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে ও মুহূর্তের মধ্যেই বাড়ির একাংশসহ একাধিক ঘর পুড়ে যায়।
আগুনে বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
পাশাপাশি ঘরের ভেতরের মূল্যবান জিনিসপত্রও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনায় পরিবারটি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
ঘটনার খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামপুর বিজেপির মন্ডল সভাপতি তথা ইসলামপুর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়।
তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গভীর রাতে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা স্পষ্ট নয়।
বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ও ক্ষতিপূরণের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।













































