একাধিক রাজ্যে ব্যাঙ্ক ও সোনার দোকানে ডাকাতির অভিযোগ! প্রায় ১০০ কোটি টাকার সোনা লুটে অভিযুক্ত সুজন লাকান্ড্রি গ্রেপ্তার, হেফাজত থেকে পালানোর পর পুলিশের জালে!

শিলিগুড়ি: কর্ণাটক ও ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যে ব্যাঙ্ক ও নামী সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত কুখ্যাত সুজন লাকান্ড্রি ওরফে সন্তোষ বাকার্ডিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ। ইসলামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন ডাকাতির ঘটনায় প্রায় ১০০ কোটি টাকার সোনা লুটের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই একাধিক রাজ্যের পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল।

পুলিশ সূত্রে খবর, গত ২৪ নভেম্বর কর্ণাটকের মহীশূর জেলার হুনসুর টাউন থানার পুলিশ একটি সোনার দোকানে ডাকাতির মামলায় সুজনকে গ্রেপ্তার করে। এরপর তাকে ট্রানজিট রিমান্ডে কর্ণাটকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু শিলিগুড়িতে থাকাকালীন পুলিশের হেফাজত থেকেই পালিয়ে যায় সে। অভিযোগ, মাটিগাড়া এলাকা থেকে পালানোর পর দীর্ঘদিন তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপর শিলিগুড়ি পুলিশের বিভিন্ন বিভাগের সহযোগিতায় ফের তার খোঁজে তল্লাশি শুরু হয়।

জানা গিয়েছে, গত সোমবার শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, মাটিগাড়া থানার পুলিশ ও ডিটেকটিভ ডিপার্টমেন্টের সহযোগিতায় সুজনকে গ্রেপ্তার করে কর্ণাটক পুলিশ। মঙ্গলবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়। বুধবার কর্ণাটকে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকায় শিলিগুড়ি জংশন সংলগ্ন একটি হোটেলে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অভিযোগ, হোটেলের শৌচালয়ের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যায় সে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কীভাবে একজন অভিযুক্ত পালিয়ে গেল, তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। কর্ণাটক পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তৈরি হয় বিতর্ক।

উল্লেখ্য, প্রায় ১১ মাস আগে মহীশূর জেলার একটি সোনার দোকানে বড়সড় ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ, ওই ঘটনায় ৮ কেজিরও বেশি সোনা ও হীরে লুট করা হয়েছিল। সেই মামলায় ইতিমধ্যেই দুজন অভিযুক্ত গ্রেপ্তার হয়ে জেলবন্দি রয়েছে। তদন্তে সুজনের নাম উঠে আসার পর থেকেই তার খোঁজে বিভিন্ন রাজ্যে তল্লাশি চালানো হচ্ছিল।

তদন্ত সূত্রে আরও জানা গিয়েছে, সুজনের বাবা ছিলেন একজন আইআইটি ইঞ্জিনিয়ার। শিলিগুড়ির বাসিন্দা সুজন পরবর্তীতে রানিগঞ্জে বসবাস শুরু করে। সেখানেই ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে যুক্ত একটি গ্যাংয়ের সদস্যদের সঙ্গে তার পরিচয় হয় বলে জানা গিয়েছে। ধীরে ধীরে একাধিক অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে তার। এরপর বিভিন্ন রাজ্যে ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, কয়েক মাস বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকার পর প্রায় তিন মাস আগে মাটিগাড়ায় এসে থাকতে শুরু করে সুজন। প্রথমে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেও পরবর্তীতে এলাকার একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে সে। এমনকি তার কাছে ২০ লক্ষ টাকারও বেশি নগদ অর্থ রয়েছে বলেও তদন্তকারী সূত্রে দাবি করা হয়েছে।

তবে কর্ণাটক পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর কীভাবে সুজন ইসলামপুরে পৌঁছেছিল ও সেখানে কার আশ্রয়ে ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একাধিক রাজ্যে বিপুল পরিমাণ সোনা ও হীরে লুটের ঘটনায় অভিযুক্ত এই ব্যক্তির গ্রেপ্তারিকে বড়সড় সাফল্য হিসেবে দেখছে তদন্তকারী মহল। পাশাপাশি, এর আগে পুলিশের হেফাজত থেকে তার পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তার গাফিলতি ছিল কি না, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here