কপাল ফেটে গড়াচ্ছে রক্ত। হাঁটতে গিয়ে পড়ে গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন। আঘাত কতটা গুরুতর তা পরীক্ষা করছেন চিকিত্সকরা। এই দুঃসংবাদটি জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজেও।
তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতায় সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা। এর পর তিনি বাড়ি চলে যান। সন্ধ্যায় ট্রেড মিল মেশিনে হাঁটার সময় মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে আহত হন। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাসপাতালে পৌঁছান তিনি।















































