কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ডিআরআইয়ের অভিযান, ১৬টি সোনার বিস্কুট-সহ গ্রেফতার দুই! উদ্ধার সোনার বাজারমূল্য ২ কোটি ২৪ লক্ষ টাকারও বেশি!

শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিআরআই)। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ১৬টি সোনার বিস্কুট, যার ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার টাকা।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে গোয়েন্দাদের কাছে খবর আসে, ত্রিপুরা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে দুই ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সোনা নিয়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যান ডিআরআই আধিকারিকরা। ট্রেনটি স্টেশনে পৌঁছতেই S8 কোচে অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা।

পরবর্তীতে তাঁদের শিলিগুড়িতে ডিআরআইয়ের কার্যালয়ে নিয়ে আসা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃতদের ব্যাগ ও দেহে তল্লাশি চালাতেই সামনে আসে সোনা পাচারের চাঞ্চল্যকর তথ্য। ধৃত বিধান দাসের ট্রাউজারে বিশেষভাবে তৈরি গোপন পকেট থেকে উদ্ধার হয় ৬টি সোনার বিস্কুট। অন্যদিকে, অপর ধৃত সঞ্জয় দাসের ট্রাউজার থেকে উদ্ধার করা হয় আরও ১০টি সোনার বিস্কুট। সব মিলিয়ে উদ্ধার হয় ১৬টি সোনার বিস্কুট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা ত্রিপুরায় নিয়ে আসা হয়েছিল। এরপর সেগুলি কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।

ধৃত দুই ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। এই সোনা পাচারের পিছনে কোনও আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন ডিআরআই আধিকারিকরা। কোথা থেকে এই সোনা আনা হয়েছিল ও পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেই সমস্ত বিষয় সামনে আনতে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here