শিলিগুড়ি: অবৈধ চামড়া ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল শিলিগুড়ির দাগাপুর সংলগ্ন দামড়াগ্রাম এলাকায়। বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের বিক্ষোভকে ঘিরে স্থানীয়দের সঙ্গে বচসা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন প্রধাননগর থানার পুলিশ কর্মীরা। ভাঙচুর চালানো হয় পুলিশের জিপেও। এই ঘটনায় পুলিশের গাড়িচালক-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দামড়াগ্রাম এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে চামড়ার ব্যবসা চালানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন ওই ব্যক্তির গোডাউনেও ভাঙচুর চালানো হয়। এরপরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেই আচমকা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। হামলার জেরে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশের তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, গোটা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট জানিয়েছেন, পুলিশের গায়ে কিংবা মহিলাদের গায়ে হাত দিলে কাউকে ছেড়ে কথা বলা হবে না।
অবৈধ চামড়া ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে কীভাবে এই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হল, কারা পুলিশের উপর হামলার সঙ্গে জড়িত ও গোডাউনে ভাঙচুরের ঘটনায় কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্তের দিকেই এখন নজর রয়েছে।














































