শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ডে এদিন সকাল থেকেই তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বাড়ি ফেরার তাড়ায় যাত্রীদের অস্বাভাবিক ভিড় দেখা গেলেও, পর্যাপ্ত বাসের অভাবে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও বহু যাত্রী বাস পাননি বলে অভিযোগ। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন অপেক্ষারত মানুষজন।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বাসস্ট্যান্ডের অফিসে টিকিট কাউন্টারে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
উত্তেজিত যাত্রীরা কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে ফেলেন, যার ফলে বাসস্ট্যান্ড চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এনবিএসটিসির ইনচার্জ সমীর সরকার জানান, নির্বাচন কমিশনের নির্দেশে বহু বাস নির্বাচনী কাজে নিয়োজিত থাকায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে।
ফলে অতিরিক্ত বাস চালানো সম্ভব হয়নি ও যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।
তিনি বলেন, “দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যাত্রীরা হতাশ হয়ে পড়েন, আর সেই ক্ষোভ থেকেই কিছু মানুষ টিকিট কাউন্টারে ভাঙচুর চালান।”
ঘটনার জেরে কিছু সময়ের জন্য বাস পরিষেবা ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
প্রশাসনের পক্ষ থেকে সকল যাত্রীকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে।













































