কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার আইনজীবীর পোশাকে কলকাতা হাই কোর্ট চত্বরে দেখা গেল।
তিলজলার বহুতল ভাঙাকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে তিনি আদালতে হাজির হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হতে পারে ও সেখানে আইনজীবী হিসেবে নিজেই সওয়াল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, তপসিয়ার তিলজলায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়। ঘটনার তদন্তে রাজ্যের গঠিত কমিটির রিপোর্টে দাবি করা হয়, বহুতলটি অবৈধভাবে নির্মিত হয়েছিল।
এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বহুতল ভাঙার নির্দেশ দেন।
সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, মামলার দ্রুত শুনানির আবেদন জানাতেই এদিন আদালতে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়।
আদালত চত্বরে তাঁকে কালো কোট ও সাদা ব্যান্ড পরে দেখা যায়। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে “মুক্ত বিহঙ্গ” বলে উল্লেখ করেছিলেন।
তিনি জানিয়েছিলেন, “আমার কোনও চেয়ার নেই, আমি একজন সাধারণ মানুষ। এবার আমি রাস্তায় নামবো।
আইনজীবী হিসেবে কাজ করবো।” সেই ঘোষণার পর এবার বাস্তবেই তাঁকে আদালতে আইনজীবীর ভূমিকায় দেখা গেল।
এর আগেও ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে তখন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। নির্বাচনের পর এই প্রথম তাঁকে আইনজীবীর পোশাকে কলকাতা হাই কোর্টে দেখা গেল।














































