শিলিগুড়ির গর্ব শ্রেয়সী শীল, উচ্চমাধ্যমিকে রাজ্যস্তরে অষ্টম স্থান অর্জন!

শিলিগুড়ি: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর খুশির আবহ গোটা শিলিগুড়ি জুড়ে।

শহরের একতিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী শীল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যস্তরে অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে।

কলা বিভাগের ছাত্রী শ্রেয়সী মোট ৪৮৯ নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করেছে।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী শ্রেয়সীর এই কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও প্রতিবেশীরা।

ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে তাদের বাড়ি। এলাকার মানুষজনও শ্রেয়সীর এই সাফল্যকে নিজেদের গর্ব বলে মনে করছেন।

অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা শ্রেয়সীর বাবা বাড়ির সামনেই একটি ছোট মুদিখানা দোকান চালান।

মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা-মা সবসময় মেয়ের পড়াশোনার পাশে থেকেছেন।

তাঁদের ত্যাগ, পরিশ্রম ও উৎসাহের ফলেই আজকের এই সাফল্য সম্ভব হয়েছে বলে জানিয়েছে শ্রেয়সী।

ভবিষ্যতে ভূগোল নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা রয়েছে তার।

পাশাপাশি সরকারি চাকরি করে সমাজের জন্য কাজ করার স্বপ্নও দেখে সে। নিজের এই অসাধারণ সাফল্যের কৃতিত্ব শ্রেয়সী দিয়েছে তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা ও গৃহশিক্ষকদের।

তাঁদের নিরন্তর সহযোগিতা ও অনুপ্রেরণাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে জানায় সে।

শ্রেয়সীর এই সাফল্য শুধুমাত্র তার পরিবারের নয়, গোটা শিলিগুড়ির জন্যই এক গর্বের মুহূর্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here