শিলিগুড়ি: ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক ভেস্তে দিল রেল পুলিশ।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।
ধৃতদের নাম উজ্জল পাসোয়ান ও উজ্জ্বল চন্দ। দুজনেই অসমের গৌহাটির বাসিন্দা বলে জানা গিয়েছে।
জিআরপি সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে অভিযান চালায় শিলিগুড়ি জিআরপির এসওজি ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। গৌহাটি থেকে আসা ডাউন রাজধানী এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই ট্রেনের এসি কামরায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় দুটি বড় ট্রলি ব্যাগ উদ্ধার করেন তদন্তকারীরা। ব্যাগ দুটিতে তল্লাশি চালাতেই মেলে ৩০ প্যাকেট গাঁজা। ওজন করে দেখা যায়, উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ৩১ কেজি ৫০০ গ্রাম। এরপরই দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় ও পরে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এনজেপি থেকে অন্য একটি ট্রেন ধরে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের।
উদ্ধার হওয়া গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ও এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনায় শিলিগুড়ি জিআরপির এসওজি ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ধৃত দুই ব্যক্তিকে বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।















































