হাত বদলের আগেই পুলিশের জালে ব্রাউন সুগার চক্র
শিলিগুড়িতে উদ্ধার প্রায় ১৫০ গ্রাম মাদক, গ্রেফতার কিশনগঞ্জের যুবক
শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে ফের মাদকবিরোধী সাফল্য পুলিশের।
হাত বদলের আগেই ব্রাউন সুগার উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইং।
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
কখনও ব্রাউন সুগার, কখনও মাদকদ্রব্য, আবার কখনও কফ সিরাপ একের পর এক উদ্ধার ঘিরে উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে।
বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান রোড এলাকায় অভিযান চালায় খালপাড়া ফাঁড়ির পুলিশ।
সেখানে দীর্ঘক্ষণ ধরে সন্দেহজনকভাবে অপেক্ষা করতে থাকা এক যুবককে আটক করা হয়।
পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একের পর এক ব্রাউন সুগারের প্যাকেট।
ধৃতের নাম সাহিদ আনসারী তার বাড়ি বিহারের কিশনগঞ্জে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সে বাসে করে শিলিগুড়িতে এসে বর্ধমান রোড এলাকায় ওই মাদক হাত বদলের অপেক্ষায় ছিল।
তবে পরিকল্পনা সফল হওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ে সে।
জানা যায়, ধৃতের কাছ থেকে প্রায় ১৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত ও কোথায় এই ব্রাউন সুগার পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখচ্ছে পুলিশ।












































