আলিপুরদুয়ার: জেলার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রশাসনিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী।
শনিবার আলিপুরদুয়ার সার্কিট হাউসে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকের আগে জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবার খোঁজখবর নেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী জানান, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সমস্ত জেনারেল ওয়ার্ড শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) করার উদ্যোগ নেওয়া হবে।
পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণ ও সাধারণ মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।
পর্যটনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ডুয়ার্সের প্রবেশদ্বার হিসেবে পরিচিত আলিপুরদুয়ারের বিপুল সম্ভাবনা রয়েছে।
জেলার প্রাকৃতিক সৌন্দর্য, অরণ্য ও বন্যপ্রাণকে কাজে লাগিয়ে এটিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
পর্যটন শিল্পের বিকাশ ঘটলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের পথ আরও সুগম হবে বলেও তিনি মত প্রকাশ করেন।
এছাড়াও বন ও বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে আলোচনায় টাইগার প্রজেক্টের বিষয়টি উঠে আসে।
মিঠুন চক্রবর্তী জানান, প্রকল্প এলাকায় বাঘের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে স্ত্রী বাঘ আনার বিষয়টি বিবেচনা করা উচিত।
এতে সংরক্ষণ প্রকল্প আরও কার্যকর হবে সাথে বনভিত্তিক পর্যটনের আকর্ষণও বাড়বে।
জেলার সার্বিক উন্নয়নের জন্য স্বাস্থ্য, পর্যটন, বন ও পরিবেশ সংরক্ষণ – সব ক্ষেত্রেই সমন্বিত পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তাঁর দাবি, প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টায় আলিপুরদুয়ার আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।













































