শিলিগুড়ি: শিক্ষা ও সমাজ জীবনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল বিজেপি তপশিলী মোর্চা, শিলিগুড়ি সাংগঠনিক জেলা।
অনুষ্ঠানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত কুমার রায় সহ ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শিখা চ্যাটার্জিকে সংবর্ধনা জানানো হয়।
পাশাপাশি চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৭০ জন ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয়।
এদিন শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের একতিয়াশাল হাট সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা।
বিজেপি তপশিলী মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভানেত্রী মনীষা সরকার জানান, মেধাবী পড়ুয়াদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, শিক্ষা, অধ্যবসায় ও সমাজসেবার মূল্যবোধকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।













































