নব্য বিজেপি কর্মীদের উপর হামলা, গাড়িতে আগুন; উত্তেজনা এলাকায়!

কোচবিহার: কোচবিহারের সিতাই ব্লকে দুই নব্য বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গভীর রাতে দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে শ্যামল গাঙ্গুলী ও কোকিলেশ্বর বর্মনের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরা দুই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে।

অভিযোগ, হামলার পর শ্যামল গাঙ্গুলীর গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় গুরুতর জখম হন দু’জনই।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করায়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

তবে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

হামলার পিছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণ রয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।

এদিকে, ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির জেলা সম্পাদক দীপক কুমার রায়।

তিনি দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here