তিস্তার বুকে মর্মান্তিক পরিণতি, উদ্ধার অভিযানের শেষে মিলল চার সিকিমবাসীর নিথর দেহ!

কালিম্পং: কালিংপং জেলার তিস্তা নদীতে গাড়ি দুর্ঘটনার জেরে চার সিকিমবাসীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র উত্তরবঙ্গ ও সিকিমে।

মৃতদের মধ্যে রয়েছে এক সাত বছরের শিশুকন্যাও। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর শিলিগুড়ি ইউনিটের টানা উদ্ধার অভিযানের পর রবিবার সকালে নদী থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, গত শুক্রবার কালিংপং জেলার তিস্তা নদীতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এনডিআরএফের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।

পাহাড়ি নদীর প্রবল স্রোত, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভৌগোলিক পরিস্থিতির মধ্যেও উদ্ধারকাজ অব্যাহত রাখা হয়।

দীর্ঘ অনুসন্ধানের পর রবিবার সকালে নদী থেকে চারজনকে উদ্ধার করা হলেও চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের পরিচয় জানা গিয়েছে সাব্য নিউপানে (২৭), স্মারিকা নিউপানে (২৯), টিকা মায়া দাহাল (৩১) ও দিত্যা ছেত্রী (৭)। তাঁরা সকলেই সিকিমের বাসিন্দা।

এনডিআরএফ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের সন্ধানে বিশেষ অনুসন্ধান অভিযান চালানো হচ্ছিল।

নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে উদ্ধারকারীরা দেহগুলি খুঁজে পান ও পরে সেগুলি স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে তিস্তা নদীতে তলিয়ে যায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

এই হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ সিকিম ও উত্তরবঙ্গ।

মৃতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here