আক্রান্ত কর্মীর পাশে দাঁড়াতে গিয়ে বিক্ষোভের মুখে অভিষেক, সোনারপুরে উত্তেজনা চরমে!

সোনারপুর: ভোট-পরবর্তী হিংসায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভ, ডিম-জুতো নিক্ষেপ ও ধাক্কাধাক্কির মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার সোনারপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দলীয় কর্মী সঞ্জুর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি গাড়ি ছেড়ে মোটরবাইকে চড়ে কর্মীর বাড়ির দিকে রওনা দেন।

ডিম ও জুতোর আঘাত থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে এগোতে দেখা যায় তাঁকে।

অভিযোগ, সেই সময়ও তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও ধাক্কাধাক্কি চলতে থাকে।

কর্মীর বাড়িতে পৌঁছে অভিষেক বলেন, “আমি এই পরিবারকে ছেড়ে যাব না। পুলিশ না আসা পর্যন্ত এখানেই থাকব।”

বিক্ষোভের মধ্যেই তিনি দাবি করেন, তাঁর উপর হামলা হয়েছে ও তাঁর সঙ্গে থাকা মহিলা সহকর্মীদেরও হেনস্তা করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে নিরাপত্তার বলয়ে অভিষেককে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ও এলাকাজুড়ে বিক্ষোভ ও স্লোগান চলছিল।

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “আমার মাথা দু’টুকরো হয়ে যেতে পারত।

ইট-পাটকেল ছোড়া হয়েছে। আমি নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি, তাতেও বাধা দেওয়া হচ্ছে।”

তিনি এই ঘটনার বিচার চেয়ে উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান।

সোনারপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here