রাজগঞ্জ: রাজগঞ্জের বন্ধুনগরের গুয়াবাড়ি এলাকায় এক তৃণমূল নেতাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠল।
কাটমানি, জমি দখল ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হল বিজেপি।
তবে সমস্ত অভিযোগ খারিজ করে বিজেপির বিরুদ্ধেই হুমকি ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন ওই নেতা।
শনিবার তৃণমূলের প্রাক্তন নেতা বলে দাবি করা মুস্তাকিম মহম্মদের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের জমি বেআইনিভাবে দখল করে রাখা, জবকার্ডের টাকা থেকে কাটমানি নেওয়া সহ বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন মুস্তাকিম মহম্মদ ও তাঁর ঘনিষ্ঠরা।
বিক্ষোভে উপস্থিত বিজেপি নেতৃত্বের দাবি, এলাকার বহু মানুষ তাঁদের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই প্রতিবাদ কর্মসূচি।
অন্যদিকে মুস্তাকিম মহম্মদ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
একটি জমি সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে ও সেই বিষয়কে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এছাড়াও তাঁর অভিযোগ, ভোট-পরবর্তী সময়ে বিজেপির একাংশের কাছ থেকে তিনি ও তাঁর পরিবার নিয়মিত হুমকির মুখে রয়েছেন।
নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।











































