প্রথমবার বিমানে কলকাতায় এসে বেহালায় মহারাজের বাড়িতে ২০-২২ জন পড়ুয়া
কলকাতা: প্রথমবার বিমানে চেপে পন্ডিচেরি থেকে কলকাতায় এসে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির ২০ থেকে ২২ জন পড়ুয়া।
তাঁদের জন্য বিশেষ আয়োজন ছিল মহারাজের বাড়িতে। প্রিয় ক্রিকেট তারকার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে খুদেরা।
পড়ুয়াদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাঁদের অটোগ্রাফ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ব্যাট উপহার দেওয়ার পাশাপাশি নিজের হাতে পড়ুয়াদের উপহারও তুলে দেন তিনি। সৌরভের সঙ্গে সাক্ষাৎ করে খুশি পড়ুয়ারাও।
কলকাতায় এসে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনাও রয়েছে তাঁদের।
খুদেদের সঙ্গে দেখা করে যথেষ্ট আনন্দিত সৌরভও। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি।
এদিকে সিএবি-তে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ জানান, এ ধরনের কোনও নিষেধাজ্ঞা নেই।
একইসঙ্গে মহালয়ার দিন ইডেন গার্ডেনে বিশেষ অনুষ্ঠান নিয়েও মুখ খোলেন তিনি।
সৌরভ জানান, অনুষ্ঠান নিয়ে বৈঠক হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অনুষ্ঠানে যোগ দেবেন। ফলে মহালয়ার এই অনুষ্ঠানকে ঘিরে ইডেন গার্ডেনে অন্যরকমের উদ্দীপনা তৈরি হবে বলেও জানান সৌরভ।















































