শিলিগুড়ি: সরকারি বাসের রং ও বাহ্যিক পরিচয়ের সঙ্গে মিল রেখে কিছু বেসরকারি বাস চলাচল করছে বলে অভিযোগ তুলে শিলিগুড়ি আঞ্চলিক পরিবহন দপ্তরে (RTO) স্মারকলিপি জমা দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।
সংগঠনের দাবি, এর ফলে সাধারণ যাত্রীরা বিভ্রান্ত হচ্ছে ও অনেক ক্ষেত্রে প্রতারিতও হচ্ছে।
মঙ্গলবার দুপুরে মহামঞ্চের প্রতিনিধি দল শিলিগুড়ির কোর্ট মোড়ের RTO দপ্তরে গিয়ে কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি শহর ও সংলগ্ন এলাকায় চলাচলকারী কয়েকটি বেসরকারি বাস সরকারি বাসের আদলে রং ও ডিজাইন ব্যবহার করছে, যা যাত্রীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে।
মহামঞ্চের অভিযোগ, রাজ্য সরকারের মহিলাদের জন্য চালু হওয়া বিনামূল্যের বাস পরিষেবার পর থেকে এই সমস্যা আরও প্রকট হয়েছে।
অনেক মহিলা যাত্রী সরকারি বাস ভেবে বেসরকারি বাসে উঠে পড়ছে, পরে ভাড়া নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
সংগঠনের উত্তরবঙ্গের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, “সরকারি বাসের মতো দেখতে কিছু বেসরকারি বাসের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে।
বিশেষ করে মহিলারা বিনামূল্যের পরিষেবার সুবিধা পাবেন ভেবে ওই বাসে উঠছে।
বিষয়টি প্রশাসনের নজরে এনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে সংশ্লিষ্ট বাসগুলির বিরুদ্ধে তদন্ত, পরিচয় স্পষ্ট করার ব্যবস্থা সহ প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
মহামঞ্চের দাবি, পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিনের কর্মসূচিতে সংগঠনের একাধিক পদাধিকারী ও সদস্য উপস্থিত ছিলো।
ঘটনাকে কেন্দ্র করে পরিবহন মহল ও যাত্রীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।










































