শিলিগুড়ি: ত্রিফলা বাতি স্থাপনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠছিল।
সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণের পর সেই বিতর্কের মধ্যেই মঙ্গলবার শিলিগুড়ি শহরে হিলকার্ট রোডে দেখা গেল প্রশাসনের বিশেষ তৎপরতা।
জেসিবি নিয়ে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শহরের রাস্তার দুই ধারে স্থাপিত একাধিক ত্রিফলা বাতি।
হিলকার্ট রোডের রাস্তার পাশে থাকা একের পর এক ত্রিফলা বাতি গুড়িয়ে দিতে দেখা যায় সংশ্লিষ্ট এসজেডিএ দপ্তরের কর্মীদের।
প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে ব্যাপক চর্চা।
অনেক পথচারী ও স্থানীয় বাসিন্দা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাঁদের বক্তব্য, ত্রিফলা বাতি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই সামনে আসছিল।
নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে যে কোনও ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
স্থানীয়দের একাংশের দাবি, রাস্তার উপর অপ্রয়োজনীয়ভাবে স্থাপিত ত্রিফলা বাতি অসুবিধার সৃষ্টি করছিল।
যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে শহরবাসীর ধারণা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।










































