উষ্ণ সংবর্ধনা, বিজেপি কর্মীদের উচ্ছ্বাসে ভাসলেন নবনিযুক্ত মন্ত্রী
ধূপগুড়ি: পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে ফিরে উষ্ণ সংবর্ধনা পেলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।
শুক্রবার কলকাতা থেকে ফেরার পর ধূপগুড়ি রেল স্টেশনে বিজেপি নেতা-কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান।
এরপর বাইক র্যালির মাধ্যমে তাঁকে শহর পরিক্রমা করিয়ে নিয়ে যাওয়া হয়।
জলপাইগুড়ি জেলা থেকে কোনও বিধায়ক মন্ত্রিত্ব না পেলেও আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের মন্ত্রিত্ব পাওয়ায় খুশির আবহ তৈরি হয়েছে ধূপগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গে।
দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের বিজেপি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো দীপক বর্মন ধূপগুড়ির মানুষের কাছেও পরিচিত মুখ।
ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে বিজেপি নেতারা জানান, এলাকার সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক দীর্ঘদিনের।
স্টেশন থেকে শহরে পৌঁছে ধূপগুড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত মায়ের স্থান মন্দিরে পুজো দেন নবনিযুক্ত মন্ত্রী।
এরপর দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন।
তাঁকে ঘিরে উৎসবের আবহ লক্ষ্য করা যায় বিজেপি কর্মীদের মধ্যে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপক বর্মন বলেন, “আমার প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করাই আমার প্রথম দায়িত্ব।”
উত্তরবঙ্গের প্রসঙ্গে তিনি বলেন, “উত্তরবঙ্গের বঞ্চনার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে।
সেই ইতিহাস মোচন করাই আমার অন্যতম লক্ষ্য।
তবে শুধু ফালাকাটা, আলিপুরদুয়ার বা উত্তরবঙ্গের মন্ত্রী নই, আমি সমগ্র পশ্চিমবঙ্গের মন্ত্রী।
তাই রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গের মূলস্রোতের সঙ্গে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব।”
ধূপগুড়িতে দীপক বর্মনের আগমনকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পরে তিনি নিজের বিধানসভা কেন্দ্র ফালাকাটার উদ্দেশ্যে রওনা দেন।











































