বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে দাসপাড়া পুলিশ ফাঁড়ি বিক্ষোভ, গ্রেফতারের দাবি!

চোপড়া: বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার চোপড়া থানার অধীন দাসপাড়া পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।

বিজেপির অভিযোগ, বুধবার রাতে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল তাঁদের উপর চড়াও হয়।

হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন। আহতদের মধ্যে বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায়ের ছেলেও রয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপির পক্ষ থেকে দাসপাড়া পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম বর্মন সহ দলের একাধিক নেতা-কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here