শিলিগুড়ি: শহরের যানজট নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পার্কিং ব্যবস্থা গড়ে তুলতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে নতুন পার্কিং জোন তৈরির প্রস্তুতি খতিয়ে দেখলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।
এদিন তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পুরো এলাকা ঘুরে পরিদর্শন করেন ও পার্কিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের কমিশনার বীর বিক্রম রাই, শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন বিরোধী দলনেতা অমিত জৈন, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) পূর্ণিমা শেরপা-সহ ট্রাফিক পুলিশ ও পুরনিগমের অন্যান্য আধিকারিকরা।
এদিন মেলা প্রাঙ্গণে চার চাকার গাড়ি ও মোটরসাইকেলের জন্য কীভাবে পৃথকভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে, গাড়িগুলি কোন পথে মাঠে প্রবেশ করবে, কোথায় পার্ক করা হবে সহ কীভাবে নির্দিষ্ট পথে নিরাপদে বেরিয়ে যাবে – সেই সম্পূর্ণ পরিকল্পনা সরেজমিনে পর্যালোচনা করা হয়।
যান চলাচলে যাতে কোনও বিশৃঙ্খলা না হয় পাশাপাশি পার্কিং ব্যবস্থা আরও সুশৃঙ্খল ও নিরাপদ হয়, সেই লক্ষ্যেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শন শেষে পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন ও দ্রুত এই পার্কিং পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেন।















































