গ্যাংটকগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, সেবক রোডে ভয়াবহ দুর্ঘটনায় জখম একাধিক!

গ্যাংটকগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, সেবক রোডে ভয়াবহ দুর্ঘটনায় জখম একাধিক

সেভক: শিলিগুড়ির সেবক রোডে বুধবার সকালে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা।

সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় সিকিম নম্বরের একটি গ্যাংটকগামী বাস ও একটি ছোট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন ছোট গাড়ির চালক সহ একাধিক যাত্রী।

দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ও দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় সাড়ে ৭টা নাগাদ এসএনটি টার্মিনাস থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেয় বাসটি।

সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে বাসটির সজোরে ধাক্কা লাগে।

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ছোট গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

অন্যদিকে বাসটির সামনের চাকা খুলে পড়ে বলে জানা গেছে।

দুর্ঘটনায় ছোট গাড়ির চালক গুরুতর আহত হন।

এছাড়াও বাসে থাকা কয়েকজন যাত্রীও আঘাত পান।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল।

তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে।

পরে অন্য একটি এসএনটি বাসের মাধ্যমে যাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here