অন্নপূর্ণার টাকা দেখতে গিয়ে অ্যাকাউন্টে ৭৪০ কোটির ‘চমক’! তদন্তে ব্যাংক!

শিলিগুড়ি: রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা জমা পড়েছে কি না তা জানতে ব্যাংকে গিয়েছিলেন এক গৃহবধূ।

কিন্তু ব্যালেন্স চেক করতেই সামনে আসে অবিশ্বাস্য তথ্য তাঁর ব্যাংক অ্যাকাউন্টে দেখাচ্ছে প্রায় ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা।

ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায়।

জানা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামের বাসিন্দা মেহেরুন নিসা প্রায় এক মাস আগে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন।

শনিবার তিনি স্থানীয় একটি বেসরকারি ব্যাংকের শাখায় গিয়ে প্রকল্পের টাকা জমা পড়েছে কি না তা জানতে চান।

ওই সময় তিনি নিজের অ্যাকাউন্ট থেকে ২ হাজার টাকাও তোলেন।

এরপর ব্যাংক কর্মীরা অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করে দেখেন, সেখানে প্রায় ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা দেখাচ্ছে।

এই বিপুল অঙ্ক দেখে ব্যাংক কর্মীরাও বিস্মিত হয়ে পড়েন।

বিষয়টি জানানো হলে হতবাক হয়ে যান মেহেরুন নিসাও।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে ও কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

পরে বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি প্রযুক্তিগত বা ব্যাংকিং ব্যবস্থার কোনো ত্রুটি হতে পারে।

তবে এত বিপুল অর্থ কীভাবে অ্যাকাউন্টে প্রদর্শিত হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

বর্তমানে পুরো বিষয়টি নিয়ে চলছে বিস্তারিত যাচাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here