রাজগঞ্জ: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গি হাট পি. কে. রায় উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো এক বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতা।
শিশু ও কিশোরদের সৃজনশীল প্রতিভার বিকাশ ও শিল্পচর্চায় উৎসাহিত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিনের প্রতিযোগিতায় ১৫০-রও বেশি ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।
বিভিন্ন বয়সভিত্তিক তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে প্রদান করা হয় অংশগ্রহণের শংসাপত্র।
আয়োজকদের বক্তব্য, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সৃজনশীল চিন্তাভাবনা ও শিল্প প্রতিভার বিকাশ ঘটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ভবিষ্যতেও সমাজমুখী ও শিক্ষামূলক এমন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানানো হয়।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়।
ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এবিভিপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আশা প্রকাশ করেন।















































