৬০০ কোটি টাকার নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর, শিল্পায়নে নতুন বার্তা পশ্চিমবঙ্গে!

হুগলি: পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে হুগলির ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।

শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের শিল্পমন্ত্রী, সরকারের একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি, প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ লাক্স কোজি গ্রুপের চেয়ারম্যান-সহ সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ঐতিহ্যবাহী সংবর্ধনা জানানো হয়। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম শিল্প ও বিনিয়োগের গন্তব্য হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শিল্প স্থাপনের জন্য দ্রুত প্রশাসনিক অনুমোদন, উন্নত পরিকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

তাঁর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং হুগলি জেলার অর্থনীতি আরও শক্তিশালী হবে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি ভবিষ্যতে আরও শিল্প বিনিয়োগ আকর্ষণের জন্য শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন।

লাক্স কোজি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৬০০ কোটি টাকার এই সম্প্রসারণ প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে।

সংস্থার দাবি, প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রায় ৩ হাজার প্রত্যক্ষ ও ৬ হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পাশাপাশি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

শিল্পমহলের মতে, ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের এই নতুন উৎপাদন ইউনিট পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

এর মাধ্যমে রাজ্যে শিল্পায়নের গতি আরও বাড়বে ও নতুন বিনিয়োগের ক্ষেত্রও উন্মুক্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here