চোপড়া: চার বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ১ নম্বর হাপ্তিয়া গছ অঞ্চলের পেয়ারিলাল চা বাগানের দখল অবশেষে ফিরে পেল পুরনো মালিকপক্ষ।
বাগান পুনরায় চালু হওয়ার আশায় খুশির হাওয়া শ্রমিক মহলে।
রবিবার চোপড়া বিধানসভার বিজেপির প্রার্থী শংকর অধিকারী চা বাগানে উপস্থিত হয়ে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে।
সেখানে তিনি ঘোষণা করেন, আজ থেকে আগের মতোই মালিকপক্ষ ও শ্রমিকদের সমন্বয়ে বাগানের কাজ পরিচালিত হবে।
তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, নিয়মিত কাজের পাশাপাশি তারা যথাযথ মজুরিও পাবেন ও ভবিষ্যতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না।
শংকর অধিকারী মালিকপক্ষ ও শ্রমিকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান ও বাগানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ওপর জোর দেন।
বাগানের দখল ফিরে পাওয়ায় খুশি মালিকপক্ষের পাশাপাশি শ্রমিকরাও।
শ্রমিকদের দাবি, দীর্ঘদিন বন্ধ থাকার ফলে তারা চরম আর্থিক সংকটে পড়েছিলেন। বাগান চালু হওয়ায় তাদের জীবিকায় নতুন আশা তৈরি হয়েছে।
শ্রমিক রমেশ সাজদা, মনিকা হেমব্রম, বলরাম সিংহ, বাবলু ওরাও, অঞ্জলি ওরাও, বিমল ওরাও-সহ বহু শ্রমিক শংকর অধিকারীর উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
তাঁদের আশা, বাগান পুনরায় চালু হওয়ায় এলাকার অর্থনীতি চাঙ্গা হবে ও বহু শ্রমিকের জীবনে স্থিতিশীলতা ফিরে আসবে।















































