মোবাইল ফোন নিয়ে দাম্পত্য কলহের জেরে আত্মঘাতী স্বামী
চোপড়া: মোবাইল ফোনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জেরে এক ব্যক্তির আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া থানার ধুলিয়াগছ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম ভাগ্য সিংহ। শনিবার বিকেলে তাঁর মোবাইল ফোনটি খারাপ হয়ে যাওয়ায় তিনি স্ত্রীর মোবাইল ফোন ব্যবহার করতে চান।
অভিযোগ, তাঁর স্ত্রী মোবাইল ফোন দিতে অস্বীকার করলে বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়।
পরে তাঁর স্ত্রী বিষয়টি নিয়ে স্থানীয় নেতাদের কাছেও অভিযোগ জানান।
পরিবারের দাবি, এই ঘটনার পর রাগ ও অভিমানে ভাগ্য সিংহ বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। রাতভর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
রবিবার স্থানীয় একটি চা বাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন ও চোপড়া থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
পাশাপাশি, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।















































