দিঘা: দিঘার শংকরপুর বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সাত দিন পর দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূলের কাছে উদ্ধার হল নিখোঁজ ‘মা কালী’ ট্রলার।
ট্রলারটির ভিতর থেকে ইতিমধ্যেই ৫ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে।
এখনও কমপক্ষে ১০ জন নিখোঁজ রয়েছেন। ট্রলারের ভিতরে জল থাকায় উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গিয়েছে, গত ২ জুলাই দিঘার শংকরপুর বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ‘মা কালী’ ট্রলারটি।
এরপর সমুদ্রে যাওয়ার কিছুদিন পর থেকেই ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, ভারতীয় নৌবাহিনী, বনদপ্তর এবং মৎস্যজীবী সংগঠনগুলির যৌথ উদ্যোগে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।
শনিবার থেকে সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর চিত্রক ভট্টাচার্যের নেতৃত্বে বিশেষ উদ্ধার অভিযান শুরু হয়।
অভিযানে রামগঙ্গা রেঞ্জের রেঞ্জার কবীর হোসেন, বনদপ্তরের আধিকারিক, সুন্দরবন পুলিশ, উপকূল রক্ষী বাহিনী সহ স্থানীয় মৎস্যজীবীরা অংশ নেন।
রবিবার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে, চুলকাঠির জঙ্গলের কাছে বাঘেরচর এলাকায় উল্টে থাকা অবস্থায় ট্রলারটির সন্ধান মেলে।
পরে সেটিকে উদ্ধার করে পাথরপ্রতিমার গোবর্ধনপুরের সীতারামপুর ঘাটে নিয়ে আসা হয়।
সেখানে ট্রলারে তল্লাশি চালিয়ে একে একে ৫ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়।
এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন। ট্রলারের ভিতরে জমে থাকা জল পাম্পের সাহায্যে বের করে তল্লাশি চালানো হচ্ছে।
জল সম্পূর্ণ সরানোর পরই ভিতরে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে বলে প্রশাসন জানিয়েছে।















































