শিলিগুড়ি: দুর্গাপুজোর আগে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে নিরাপত্তা ও পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখতে মহানন্দা নদী ও সংলগ্ন নিরঞ্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ ও শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকরা।
মঙ্গলবার মহানন্দা নদীর বিভিন্ন ঘাট পরিদর্শন করেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রানা মুখার্জি, এসিপি অহিতাগ্নী চক্রবর্তী, এসিপি (ট্রাফিক) সুবীর দত্ত, পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায়-সহ পুরনিগমের আধিকারিকরা।
পুজোর পর প্রতিমা নিরঞ্জনের সময় যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সেদিকেই নজর রেখে ঘাটগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
নিরঞ্জনের সময় প্রতিমার কাঠামো বা অন্যান্য সামগ্রী বৈদ্যুতিক তারে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না, ঘাটে জলের গভীরতা ও পরিস্থিতি কেমন সাথে নদী ও ঘাট এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়েছে কি না এসব বিষয় সরেজমিনে পরিদর্শন করেন আধিকারিকরা।
পাশাপাশি, পুজোর আগেই ঘাটগুলিতে প্রয়োজনীয় নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য পরিকাঠামোগত ব্যবস্থা সম্পূর্ণ করার বিষয়েও আলোচনা করা হয়। প্রতিমা নিরঞ্জন পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য আগেভাগেই প্রস্তুতি সেরে নিতে তৎপর প্রশাসন।















































