শিলিগুড়ি: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের নির্বাচিত রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান।
সেই তালিকায় স্থান পেয়েছে শিলিগুড়ির ইসকন রথযাত্রা কমিটি, শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠ এবং রথখোলা স্পোর্টিং ক্লাব।
সোমবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রথযাত্রা কমিটির প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখেন ও রথযাত্রার সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিকর, ফাঁসিদেওয়া কেন্দ্রের বিধায়ক দুর্গা মুর্মু।
তাঁদের হাত দিয়েই সংশ্লিষ্ট রথযাত্রা কমিটির প্রতিনিধিদের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রা উৎসবের সুষ্ঠু আয়োজন, ধর্মীয়-সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সহ উৎসবকে আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।















































