ইসলামপুর: ফের সামনে এল সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল ছবির অভিযোগ।
এবার হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুরের অবাধ বিচরণ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে।
অভিযোগ, মহিলা ওয়ার্ডে রোগীদের খাটের নিচে অবাধে ঘুরে বেড়াচ্ছে বড় বড় ইঁদুর।
শুধু তাই নয়, কফ-থুতু ফেলার পাত্রের মধ্যেও ঢুকে পড়ছে সেগুলি। এমনকী সেই পাত্র থেকে বেরিয়ে সরাসরি রোগীদের বিছানায় উঠে পড়ছে ইঁদুর।
হাসপাতালের মহিলা ওয়ার্ডের এমন ছবি সামনে আসতেই রোগীদের নিরাপত্তা, হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
যেখানে মানুষ সুস্থ হয়ে ওঠার আশায় হাসপাতালে ভর্তি হন, সেখানে ওয়ার্ডের ভিতরেই ইঁদুরের এমন অবাধ বিচরণ স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে রোগীর পরিজন ও স্থানীয় বাসিন্দারা।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইঁদুরের উপদ্রব চলছে।
একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।
রোগীর পরিজনদের বক্তব্য, হাসপাতালের বিছানায় যদি ইঁদুর উঠে পড়ে ও ব্যবহৃত কফ-থুতু ফেলার পাত্রে ঘোরাফেরা করে, তাহলে রোগীদের সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।
তাঁদের দাবি, অবিলম্বে হাসপাতালের সমস্ত ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি ইঁদুরের উপদ্রব বন্ধ করতে কার্যকর পদক্ষেপ করতে হবে।
সব মিলিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডের এই পরিস্থিতি সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
এখন দেখার, রোগীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।














































