সুপার মার্কেটে বুলডোজার অভিযান, সরকারি জমি দখল করে তৈরি শতাধিক অবৈধ শেড ভাঙল প্রশাসন!

ধূপগুড়ি: সরকারি জমি দখল করে তৈরি হওয়া অবৈধ অস্থায়ী দোকানঘরের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল প্রশাসন।

সোমবার ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে বুলডোজার চালিয়ে একের পর এক অবৈধ শেড ভেঙে ফেলা হয়।

গোটা অভিযানে ধূপগুড়ি থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে বহু ব্যবসায়ী অস্থায়ী শেড নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিলেন।

প্রায় ১৫ দিন আগে দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপর সাত দিন আগেও ব্যবসায়ীদের স্বেচ্ছায় শেড সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিছু ব্যবসায়ী সেই নির্দেশ মেনে দোকানঘর সরিয়ে নিলেও অনেকেই তা করেননি।

এরপরই সোমবার বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।

স্থানীয়দের দাবি, ধূপগুড়ি সুপার মার্কেটে দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চল ও শহরের বহু ব্যবসায়ী কাঁচামাল কেনাবেচার জন্য অস্থায়ী দোকানঘর তৈরি করে ব্যবসা করতেন।

প্রশাসনের অভিযানে সেই সমস্ত অবৈধ শেড ভেঙে দেওয়া হয়েছে।

ব্যবসায়ী নূর হোসেন জানান, “ধূপগুড়ি সুপার মার্কেটে সাড়ে তিনশোরও বেশি অবৈধ ঘর ভাঙা হচ্ছে। এর আগে ৪ তারিখে নোটিশ দেওয়া হয়েছিল।

তিনি প্রায় ২৫ বছর ধরে এখানে ব্যবসা করছি। এখন ব্যবসা বন্ধ হয়ে গেলে স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে সংসার চালাব, তা বুঝতে পারছি না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here